বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর ৩০০ সংসদীয় আসনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর অনুচ্ছেদ ৭ এর দফা (১) ও (২) এবং গণভোট অধ্যাদেশ, ২০২৫–এর ধারা ৫ অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচনি এলাকাগুলোর জন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের তিনজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ মোট ৬৯ জন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রতিটি আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তাও নিয়োগ করা হয়েছে।
ইসি জানিয়েছে, রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় মনোনয়নপত্র দাখিল, যাচাই–বাছাই, প্রতীক বরাদ্দ, প্রচারণা সংক্রান্ত বিধিনিষেধ তদারকি এবং ভোটগ্রহণ–পরবর্তী ফলাফল ঘোষণা পর্যন্ত পূর্ণ দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে গণভোট আয়োজনেও তাঁদের দায়িত্ব পালন করতে হবে।
তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা নিয়োগ নির্বাচন কার্যক্রমের গুরুত্বপূর্ণ ধাপ বলে উল্লেখ করেছে নির্বাচন কমিশন। আসন্ন নির্বাচন ও গণভোট যাতে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য মাঠপর্যায়ের প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।


