অনলাইন ডেস্ক

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৬৯ জনে।
শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে সারাদেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২৪ শিশু। এছাড়া হামের লক্ষণ নিয়ে সন্দেহজনকভাবে মারা গেছে আরও ১৪৫ শিশু।
একই সময়ে মোট ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৮৯ এবং সন্দেহজনক আক্রান্ত ১৪ হাজার ৩৮৫ জন।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এখানে মোট ৭ হাজার ৪৭৮ শিশু হামে আক্রান্ত হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৪৯।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং অভিভাবকদের শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি ছাড়া এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।


