অনলাইন ডেস্ক

রাজধানীর হোটেল শেরাটনে গত ২০ ডিসেম্বর এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের হস্তশিল্প ও দেশীয় পণ্যের উদ্যোক্তাদের জন্য তৈরি প্ল্যাটফর্ম ‘কারুবীথি’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তা, ব্যাংকিং খাতের শীর্ষ কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হায়দার হোসেন, যিনি তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান এবং বলেন, “তরুণদের হাত ধরেই দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ ইসমাইল এবং ক্লিকমার্কের সিইও মুশফিকুর রহমান ফকির।
কারুবীথির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির সিইও ও ম্যানেজিং ডিরেক্টর জাবির ইবনে মিজান। তিনি জানান, কারুবীথি দেশের কারুশিল্পী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি আস্থার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
বর্তমানে কারুবীথির নেটওয়ার্কে ৫০০-এর বেশি দেশীয় উদ্যোক্তা যুক্ত রয়েছেন। প্রাথমিকভাবে বাছাইকৃত ২০০ জন সম্ভাবনাময় উদ্যোক্তাকে সরাসরি ব্যবসায়িক চুক্তি প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।
উদ্যোক্তাদের বিপণন, প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং সহজ শর্তে পুঁজি সহায়তা প্রদান করে তাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারুবীথি। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই প্ল্যাটফর্ম দেশের ক্ষুদ্র ও নবপ্রবীণ উদ্যোক্তাদের জন্য দারুণ সুযোগ সৃষ্টি করবে।


