
অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালি অতিক্রমের সময় মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ‘তালারা’ নামের একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরানি বাহিনী। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা।
জানা গেছে, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আজমান বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছিল। যাত্রাপথে ইরানি বাহিনী জোরপূর্বক জাহাজটিকে ইরানের আঞ্চলিক জলসীমার দিকে সরিয়ে নিতে বাধ্য করে। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, এটি ছিল ইরানের পরিকল্পিত রণনৈতিক পদক্ষেপ।
ঘটনার সময় এলাকাটিতে কয়েক ঘণ্টা ধরে নজরদারি চালিয়েছে মার্কিন নৌবাহিনীর এমকিউ-৪সি ট্রাইটন ড্রোন। ফ্লাইট-ট্র্যাকিং তথ্য বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, সাইপ্রাসভিত্তিক ম্যানেজিং কোম্পানি কলম্বিয়া শিপম্যানেজমেন্ট জানিয়েছে, তারা জাহাজটির সঙ্গে যোগাযোগ হারিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে এবং ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
মার্কিন নৌবাহিনী এর আগে বেশ কয়েকটি হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছিল—২০১৯ সালে লিম্পেট মাইন বিস্ফোরণ এবং ২০২১ সালে ইসরায়েলি মালিকানাধীন তেল ট্যাংকারে প্রাণঘাতী ড্রোন হামলার অভিযোগ তার মধ্যে উল্লেখযোগ্য। নতুন এ ঘটনার পর ওয়াশিংটন-তেহরান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র : আরব নিউজ।


