অনলাইন ডেস্ক

ঢাকা: স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফের ৬ দফা দাবির পক্ষে কর্মবিরতির ডাক দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, যদি দাবি বাস্তবায়নে সরকার বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি না করে, তাহলে শনিবার থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করা হবে।
সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক ওয়াসি উদ্দিন রানা সোমবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক হলে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন।
ওয়াসি উদ্দিন রানা বলেন, “আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আমরা সরকারের কাছে আমাদের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য স্পষ্ট পদক্ষেপ প্রত্যাশা করছি।”
এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব ফজলুল হক চৌধুরী, মুখ্য সংগঠক জিয়াউল হক কাবুল, আব্দুস সালাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ৬ দফা দাবিতে তারা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দফতরে আবেদন করে আসছেন। দাবি যৌক্তিক মেনে নিয়ে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও ৫ বার প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
নেতাদের অভিযোগ, দাবি বাস্তবায়নে কালক্ষেপণের কারণে ১ অক্টোবর থেকে সারা দেশের ১ লাখ ২০ হাজার আউটরিচ টিকা কেন্দ্রে ইপিআই ও টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) কর্মসূচির রিপোর্ট তৈরিসহ সব কার্যক্রম বন্ধ রেখে তারা কর্মবিরতি শুরু করেছিলেন। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে ৬ অক্টোবর স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় বসেন। আলোচনার পর এক মাসের জন্য কর্মবিরতি স্থগিত করেন স্বাস্থ্য সহকারীরা। পরে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে প্রায় ৫ কোটি শিশুকে টিসিভি টিকা দেওয়ার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেন তারা।
সংগঠনটির দাবি মূলত বেতন কাঠামো, পদোন্নতি এবং কর্মপরিবেশ উন্নয়ন সংক্রান্ত। তারা আশা করছে, সরকারের সঙ্গে সংলাপের মাধ্যমে দ্রুত সমাধান হবে।


