অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা বিপুল বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “গত ২-৩ দিনের ঘটনাবলি দেখে জনগণের আশা-আকাঙ্ক্ষা আমরা স্পষ্টভাবে উপলব্ধি করেছি। এই প্রত্যাশা আমাদের জন্য যেমন বড় চ্যালেঞ্জ, তেমনই দায়িত্বশীলতার ব্যাপারও বটে।”
শনিবার রাজধানীতে নির্বাচন কমিশনের চলমান প্রস্তুতি পর্যালোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
সিইসি আরও বলেন, “যে চ্যালেঞ্জই সামনে আসুক, আমাদের একমাত্র লক্ষ্য জাতিকে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য, ফ্রি এবং ফেয়ার নির্বাচন উপহার দেওয়া। এই প্রতিশ্রুতি আমরা সব রাজনৈতিক দলকেও দিয়েছি।”
তিনি উল্লেখ করেন, দেশের রাজনৈতিক বাস্তবতা খুব একটা মসৃণ নয়, তবে সিইসি আশাবাদী যে একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে সার্বিক পরিস্থিতি শান্ত হবে। তার ভাষায়, “আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা দায়িত্বশীল ও বিজ্ঞ। একটি স্বচ্ছ নির্বাচন দেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।”
এম এম এম নাসির উদ্দিন পুনরায় জোর দিয়ে বলেন, “ফ্রি এবং ফেয়ার ইলেকশনের বাইরে আমাদের কোনো লক্ষ্য নেই—এর বেশিও নয়, কমও নয়। এ বিষয়ে আমাদের প্রবল আত্মবিশ্বাস রয়েছে।”
নির্বাচন ঘিরে প্রত্যাশা ও বাস্তবতার আলোকে নির্বাচন কমিশন বর্তমানে মাঠপর্যায়ের প্রস্তুতি জোরদার করছে বলেও জানান তিনি।


