নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, দেশের প্রতিটি বিদ্যালয়ে মেয়েদের জন্য বাধ্যতামূলকভাবে আলাদা টয়লেট থাকতে হবে। এই ন্যূনতম মান বজায় না রাখলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্যতা রাখে না বলেও তিনি মন্তব্য করেন।
সোমবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’-এর কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “প্রতিটা স্কুলে মেয়েদের জন্য বাধ্যতামূলক টয়লেট থাকতে হবে। আবার বলছি—বাধ্যতামূলক। যে স্কুলে মেয়েদের জন্য আলাদা টয়লেট রাখবে না, আমার দৃষ্টিতে সেই স্কুল রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্যতা রাখে না।”
শারমীন এস মুরশিদ জানান, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করতে সরকারের বিভিন্ন দপ্তর একসঙ্গে কাজ করছে। বিশেষ করে স্যানিটেশন, স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কঠোর মনিটরিং চালানো হবে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে নারীর নিরাপত্তা, শিক্ষা পরিবেশে বৈষম্য রোধ এবং কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি করা হবে বলে উপদেষ্টা জানান।


