অনলাইন ডেস্ক

সৌদি আরব ও রাশিয়ার নাগরিকরা এখন থেকে পর্যটন, ব্যবসা ও পারিবারিক ভ্রমণের জন্য একে অপরের দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। সোমবার রিয়াদে সৌদি-রুশ বিনিয়োগ ও ব্যবসা ফোরামের আলোচনার প্রেক্ষিতে দুই দেশের মধ্যে এই গুরুত্বপূর্ণ পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকসান্ডার নোভাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি জ্বালানি ও বিনিয়োগ কমিটির চেয়ারম্যান প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান।
নতুন ব্যবস্থার অধীনে উভয় দেশের সাধারণ পাসপোর্টধারীরা সর্বোচ্চ ৯০ দিন একটানা বা বিভিন্ন সময়ে মিলিয়ে এক ক্যালেন্ডার বছরের মধ্যে ভিসা ছাড়া অবস্থান করতে পারবেন। এই পদক্ষেপ দুই দেশের মধ্যে পর্যটন, ব্যবসা ও সাংস্কৃতিক বিনিময় আরও বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।


