কর্পোরেট ডেস্ক

ঢাকা, ২৪ নভেম্বর – সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক দল সোমবার ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সভার মূল উদ্দেশ্য ছিল ব্যাংকের অপারেশনাল কার্যক্রমকে নির্বিঘ্ন ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে করণীয় নিয়ে দিক নির্দেশনা প্রদান করা।
প্রধান কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক জনাব মোঃ সালাহ উদ্দীন। সভায় উপস্থিত ছিলেন সহযোগী প্রশাসক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ রাশেদুল ইসলাম, ড. মোহাম্মদ বজলুল করীম, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নাজমুস সায়াদাত, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।
সভায় জুমের মাধ্যমে ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জগণ অংশগ্রহণ করেন। প্রশাসক দল ব্যাংকের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার জন্য শাখা ব্যবস্থাপক এবং উপশাখা ইনচার্জদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
সোশ্যাল ইসলামী ব্যাংক এই ধরনের সভার মাধ্যমে শাখা পর্যায়ে সমন্বয় বৃদ্ধি ও গ্রাহকসেবা মান উন্নয়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।


