শনিবার, আগস্ট ৮, ২০২৬

সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া বহুবিবাহ নিষিদ্ধ: হাইকোর্টের রায় বহাল

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

বিদ্যমান বিবাহ বহাল থাকা অবস্থায় সালিশি কাউন্সিলের লিখিত পূর্বানুমতি ছাড়া কোনো ব্যক্তি নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না—এমন বিধান বহাল রেখেছেন হাইকোর্ট। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর বহুবিবাহ সংক্রান্ত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে এই রায় দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সম্প্রতি এ রায় দেন। রায়ের ফলে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৬ ধারায় বর্ণিত বহুবিবাহ সংক্রান্ত বিধান বহাল থাকল।

এর আগে ২০২১ সালের ১৩ ডিসেম্বর উক্ত আইনের বহুবিবাহ সংক্রান্ত ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। ওই রিটে বলা হয়, বহুবিবাহের ক্ষেত্রে সালিশি কাউন্সিলের অনুমতির বাধ্যবাধকতা মৌলিক অধিকার পরিপন্থী।

রিটের প্রাথমিক শুনানি শেষে ২০২২ সালের ৫ জানুয়ারি হাইকোর্ট একটি রুল জারি করেন। রুলে পারিবারিক জীবন রক্ষার বৃহত্তর স্বার্থে বহুবিবাহ সংক্রান্ত আইনের বিষয়ে নীতিমালা প্রণয়ন কেন করা হবে না এবং স্ত্রীদের মধ্যে সম অধিকার নিশ্চিত না করে বহু বিবাহের অনুমতির প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চাওয়া হয়।

দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট রুল খারিজ করে দেন। আদালত মত দেন, বহুবিবাহের ক্ষেত্রে সালিশি কাউন্সিলের অনুমতির বিধান নারীর অধিকার সুরক্ষা ও পারিবারিক ন্যায়বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত এবং তা সংবিধানবিরোধী নয়।

মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৬ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বা পরবর্তী বিবাহ করেন, তবে তাকে বর্তমান স্ত্রী বা স্ত্রীদের তলবি ও স্থগিত দেনমোহরের সম্পূর্ণ অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে। পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে এক বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ দশ হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

রিটকারীর আইনজীবী ইশরাত হাসান জানান, হাইকোর্টের এ রায়ের মাধ্যমে বহুবিবাহ সংক্রান্ত আইনি কাঠামো বহাল থাকলেও বিষয়টি আপিল বিভাগে চ্যালেঞ্জ করা হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ