অনলাইন ডেস্ক

ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২৫: সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল রবিবার বিকেলে প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার ৬৬.৫৭ শতাংশ।
ফল চূড়ান্ত করার জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট কর্মকর্তারা একটি সভায় অংশগ্রহণ করেন। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
পূর্ণভাবে ডিজিটাল প্রক্রিয়ায় ওএমআর মেশিনের মাধ্যমে খাতা মূল্যায়ন করা হয়েছে। ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধা ও পছন্দক্রম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কলেজ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।
গত শুক্রবার অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ২২ হাজার ৬৩২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে ছিল ৪৯ হাজার ২৮ জন ছেলে এবং ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৮.২২ শতাংশ।
ফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফলাফল ও কলেজ বরাদ্দ যাচাই করতে পারবে।


