অনলাইন ডেস্ক

জাতীয় সংসদে পাস হয়েছে “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল-২০২৬”। শুক্রবার (বিকাল সাড়ে ৩টা) সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও অংশগ্রহণকারী যোদ্ধাদের কল্যাণ, পুনর্বাসন এবং তাদের অবদানের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতেই এ বিল আনা হয়েছে। পাশাপাশি গণঅভ্যুত্থানের মর্ম, আদর্শ ও ঐতিহাসিক গুরুত্বকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আরও জানান, এ বিলের মাধ্যমে গণঅভ্যুত্থান-সম্পর্কিত ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।
বিল উত্থাপনের পর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল এটি সংসদ সদস্যদের ভোটের জন্য উত্থাপন করেন। এ সময় উপস্থিত সংসদ সদস্যরা ‘হ্যাঁ’ বলে বিলটির পক্ষে সর্বসম্মতভাবে সম্মতি দেন।
এর ফলে বিলটি কণ্ঠভোটে পাস হয়ে আইন প্রণয়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই আইন বাস্তবায়নের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা পরিবার ও যোদ্ধাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।


