অনলাইন প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে।
এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান এবং হাদির চিকিৎসায় সরাসরি যুক্ত থাকা চিকিৎসক ডা. আব্দুল আহাদ সাংবাদিকদের জানান, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে মরদেহটি রওনা হবে এবং সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
গত শুক্রবার রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে টানা চিকিৎসার পর বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন।


