অনলাইন ডেস্ক

ঢাকা: জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চ থেকে এ তথ্য জানানো হয়।
ইনকিলাব মঞ্চ জানায়, শহীদ ওসমান হাদির লাশ আজই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা হবে না। বিমানবন্দর থেকে লাশ বহনকারী গাড়ি সরাসরি হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এরপর শহিদ হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেবেন।
মঞ্চের বার্তায় বলা হয়, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করা হবে। শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজার আয়োজন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে লাশ আনা হবে আগামীকাল।
মঞ্চ সব ছাত্র ও জনতাকে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে। তারা উল্লেখ করেছে, কোনো গোষ্ঠী আন্দোলনে অনুপ্রবেশ করতে পারবে না এবং সহিংসতার সুযোগও হবে না। এছাড়া, লাশ দেখার সুযোগ থাকবে না; সবাইকে শহিদ হাদির জন্য দোয়া পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়েছে।
এর আগে সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হয় শহীদ হাদির লাশ। বিমানবন্দরে জাতীয় পতাকায় মোড়ানো তার কফিন গ্রহণ করেন জুলাই বিপ্লবের সহযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।


