অনলাইন ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির নামাজে জানাজা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জানাজায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা থাকায় শনিবার (আগামীকাল) মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে।
শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি জানান, শনিবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান বিন হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ফলে ওই এলাকায় যানবাহন চলাচল সীমিত থাকবে।
ডিএমপি জানিয়েছে, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার ও ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
বিকল্প সড়ক নির্দেশনা
১. মিরপুর রোড থেকে ফার্মগেটগামী যানবাহন
উত্তর দিক থেকে আগত যানবাহন গণভবন ক্রসিং–লেক রোড–উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।
২. ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউ (ইন্দিরা রোড) অভিমুখী যানবাহন
ফার্মগেট থেকে খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং–লেক রোড হয়ে গণভবন ক্রসিংয়ের দিকে চলাচল করবে।
৩. ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহন
ধানমন্ডি ২৭ থেকে আসাদগেট–গণভবন ক্রসিংয়ে ডানে ইউটার্ন নিয়ে লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে ফার্মগেট ক্রসিংয়ে যাবে।
-
আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন
আসাদগেট থেকে গণভবন ক্রসিং–লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে ফার্মগেট ক্রসিংয়ে চলাচল করবে।
৫. ইন্দিরা রোড বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ধানমন্ডিগামী যানবাহন
খেজুর বাগান ক্রসিং–উড়োজাহাজ ক্রসিং–লেক রোড–আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে যাবে।
৬. মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭ গামী যানবাহন
শ্যামলী–শিশুমেলা–গণভবন–আসাদগেট হয়ে ধানমন্ডি ২৭-এর দিকে চলাচল করবে।
৭. এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহন
জানাজা চলাকালীন ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।
ডিএমপি আরও জানিয়েছে, শনিবার সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা পরিহার করার জন্য সব যানবাহন চালকদের অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে জানাজায় আগত সাধারণ মানুষকে কোনো ধরনের ব্যাগ বা ভারি জিনিসপত্র বহন না করার অনুরোধ জানানো হয়েছে।
সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।


