নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন। তিনি বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যু দেশ ও সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর অবদান স্মরণ করে সরকার এই শোক দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে।
রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
প্রধান উপদেষ্টা আরও জানান, শহিদ শরিফ ওসমান হাদির রূহের মাগফেরাত কামনায় শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।


