মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, খাল পুনঃখনন, ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন ও জনসভায় যোগ দেবেন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

শনিবার (১৬ মে) একদিনের রাষ্ট্রীয় সফরে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বিএনপি ও প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার সকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক প্রধানমন্ত্রীর সফরসূচির বিস্তারিত তুলে ধরেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে ঢাকা থেকে সড়কপথে চাঁদপুর পৌঁছাবেন। বেলা ১১টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার সংলগ্ন খোর্দখাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন তিনি। পরে দুপুর পৌনে দুইটায় সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট এলাকায় বিশ্বখাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন।

স্থানীয়দের আশা, কৃষি ও সেচব্যবস্থার উন্নয়নে এসব খাল পুনঃখনন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে।

দুপুরে সার্কিট হাউসে যাত্রাবিরতি ও বিশ্রাম শেষে প্রধানমন্ত্রী বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে প্রধান জনসভায় যোগ দেবেন। সেখানে নিম্নআয়ের মানুষের সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

সফরকে কেন্দ্র করে চাঁদপুরবাসীর প্রত্যাশাও বেড়েছে। জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুরে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) ও ইপিজেড স্থাপন, মতলব থেকে হাইমচর পর্যন্ত স্থায়ী নদীতীর রক্ষা বাঁধ নির্মাণ, মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তুলে ধরা হবে।

এছাড়া নারী অধিকার সুরক্ষা, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন নিয়েও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানা গেছে।

সরকারি কর্মসূচি শেষে বিকেল পাঁচটায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে দলীয় কার্যক্রম পর্যালোচনা ও নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করবেন তিনি। সন্ধ্যায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করার কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে, যাতে সফর নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ