
অনলাইন ডেস্ক : রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি–পরিকল্পনার আলোকে সমঝোতায় যেতে ইউক্রেন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার এক শীর্ষস্থানীয় মার্কিন সেনা কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।
জেলেনস্কি বলেন, যুদ্ধ বন্ধ এবং স্থায়ী নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের রোডম্যাপকে ভিত্তি হিসেবে গ্রহণ করতে তারা প্রস্তুত। এ পরিকল্পনায় সামরিক সহায়তা, সীমান্ত নিরাপত্তা এবং আলোচনার সময়সীমা নিয়ে ওয়াশিংটনের প্রস্তাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
তবে এ প্রস্তাবকে ঘিরে ইউরোপীয় মিত্রদের তীব্র আপত্তি দেখা দিয়েছে। তাদের মতে, মার্কিন পরিকল্পনায় দোনবাস ও ক্রিমিয়া অঞ্চল নিয়ে ছাড় দেওয়া এবং ইউক্রেনের সামরিক সক্ষমতার ওপর বিভিন্ন সীমাবদ্ধতার প্রস্তাব আসলে ‘আত্মসমর্পণের সমান’। তারা সতর্ক করে বলেছে, এমন কোনো চুক্তি যুদ্ধ বন্ধ তো করবেই না, বরং ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসনের নতুন পথ খুলে দিতে পারে।
ইউরোপীয় মিত্রদের মত, ইউক্রেনকে নিরাপত্তায় দুর্বল করে এমন কোনো সমাধান গ্রহণযোগ্য হতে পারে না। ন্যায্য, স্থায়ী এবং আন্তর্জাতিক আইনসম্মত শান্তি কাঠামো ছাড়া এই অঞ্চলে স্থিতিশীলতা আসবে না বলেও তারা মন্তব্য করেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র বলছে, দীর্ঘমেয়াদি সংঘাত থামাতে বাস্তবসম্মত সমঝোতা প্রয়োজন। জেলেনস্কির এই অবস্থান ইউক্রেন–যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন গতি আনলেও পশ্চিমা জোটের অভ্যন্তরে মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠেছে।


