অনলাইন ডেস্ক

রাজধানীর মহাখালী-গুলশান সংলগ্ন কড়াইল বস্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, বিকাল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তির ভেতরে ঘনবসতি এবং দাহ্য উপকরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে মানুষের চলাফেরা নিয়ন্ত্রণ এবং নিরাপদে সরিয়ে নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত করা যায়নি। ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত জানা যাবে।
ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বস্তিবাসীরা নিজ নিজ ঘরবাড়ি থেকে মালপত্র সরিয়ে নিতে চেষ্টা করছেন। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পাশাপাশি আশপাশের এলাকাকে সুরক্ষার জন্য পানি ছিটানোর কাজ চালিয়ে যাচ্ছে।
পরবর্তী আপডেট পাওয়া মাত্র জানানো হবে।


