অনলাইন ডেস্ক

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১০৩ জন চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রবিবার স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড–৩ অনুযায়ী ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকা বেতনক্রমে অধ্যাপক পদে উন্নীত করা হয়েছে। নামের পাশে বর্ণিত বিষয়ে তারা অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করবেন।
পদোন্নতি পাওয়া চিকিৎসকদের তালিকা প্রজ্ঞাপনের সঙ্গে যুক্ত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এই পদোন্নতির মাধ্যমে স্বাস্থ্য খাতে বিশেষজ্ঞ চিকিৎসক গড়ে তোলার প্রক্রিয়া আরও শক্তিশালী হবে এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদোন্নতি চিকিৎসকদের পেশাগত উন্নয়ন ও অনুপ্রেরণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


