
অনলাইন ডেস্ক : জাপান আবারও পারমাণবিক শক্তি ব্যবহারে গতি ফিরিয়ে আনছে। দেশটির বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কাশিওয়াজাকি–কারিবা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পুনরায় চালুর অনুমোদন দিতে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। বুধবার এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের ভয়াবহ ফুকুশিমা বিপর্যয়ের পর দেশটির অধিকাংশ পারমাণবিক স্থাপনা বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তা ঝুঁকি ও কঠোর জনমতের কারণে দীর্ঘ সময় এসব কেন্দ্র অচল ছিল। তবে জ্বালানি আমদানির ওপর বিপুল নির্ভরতা কমানো এবং অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাপান আবারও পারমাণবিক শক্তি ব্যবহারের দিকে ঝুঁকছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, কাশিওয়াজাকি–কারিবা কেন্দ্রটি পুনরায় চালুর অনুমোদন পাওয়ার পর ধাপে ধাপে এর ইউনিটগুলো সচল করা হবে। কেন্দ্রটি পুরোপুরি চালু হলে জাপানের বিদ্যুৎ উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখবে এবং জ্বালানি আমদানির চাপ কমাবে।
নিয়ন্ত্রক সংস্থার কঠোর নিরাপত্তা পর্যালোচনা ও স্থানীয় প্রশাসনের সম্মতি পেলে কেন্দ্রটি আবারও উৎপাদন শুরু করতে পারবে। তবে পরিবেশবাদী সংগঠনগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। তাদের অভিযোগ, পারমাণবিক স্থাপনার নিরাপত্তা ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে।
জাপান সরকার বলছে, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক প্রযুক্তি এবং কঠোর নজরদারির মাধ্যমে ফুকুশিমার মতো দুর্ঘটনা রোধে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশটি নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোতেও কাজ করছে।
পারমাণবিক শক্তি পুনরুজ্জীবনের এই উদ্যোগ জাপানের জ্বালানি খাতে নতুন দিক উন্মোচন করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে নিরাপত্তা ও জনস্বার্থ–—এই দুই প্রশ্ন এখনো বড় বিতর্ক হিসেবে রয়ে গেছে।