
দ্য গার্ডিয়ান : যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তারা ট্রাম্পের আইনজীবীদের পক্ষ থেকে পাঠানো একটি আইনি নোটিশসদৃশ চিঠি পেয়েছে।
বিবিসির এক মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা সম্প্রতি সংস্থাটির কিছু প্রতিবেদনকে “মিথ্যা ও বিভ্রান্তিকর” দাবি করে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। তবে বিবিসি বলেছে, তাদের প্রতিবেদনগুলো যাচাই–বাছাই করা তথ্যের ভিত্তিতেই প্রকাশিত হয়েছে এবং তারা সাংবাদিকতার নীতিমালা মেনে কাজ করেছে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার এ পর্যন্ত বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করেছেন। অবশ্য এর মধ্যে কিছু মামলা ইতিমধ্যেই আদালতে খারিজ হয়ে গেছে।
এ বিষয়ে ট্রাম্পের দপ্তর বা নির্বাচনী টিমের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিশ্লেষকেরা মনে করছেন, যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনী প্রক্রিয়ার প্রেক্ষাপটে গণমাধ্যমের সমালোচনাকে নিয়ন্ত্রণের কৌশল হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে।
বিবিসি জানিয়েছে, তারা মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, এবং যেকোনো আইনি প্রক্রিয়ায় নিজেদের অবস্থান দৃঢ়ভাবে উপস্থাপন করবে।


