গাজীপুর প্রতিনিধি

বিডিআর (বর্তমান বিজিবি) বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক ৩৫ জন বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে তারা পর্যায়ক্রমে কারাগার থেকে বের হন।
কারাগার সূত্র জানায়, মুক্তিপ্রাপ্তদের মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ২ জন এবং পার্ট-২ থেকে ৩২ জন রয়েছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার আদালত মামলার ৫৩ আসামির জামিন মঞ্জুর করেন। জামিনের কাগজপত্র আজ সোমবার দুপুরে কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় ৩৫ জনকে মুক্তি দেওয়া হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, বাকি জামিনপ্রাপ্ত আসামিদের কাগজপত্র যাচাই শেষে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে।


