অনলাইন ডেস্ক

নির্বাচনের আগে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকার বর্তমানে কমিশনের সুপারিশের অপেক্ষায় রয়েছে এবং শিগগিরই পে স্কেল সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
এদিকে দেশের জ্বালানি সরবরাহকে একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, এ খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তিনি জানান, সারা দেশে এলপি গ্যাস ব্যবস্থাপনা ও সরবরাহ উন্নয়নে কাজ চলছে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য দেন।
নির্বাচন উপলক্ষে বডি অন ক্যামেরা ব্যবহারের বিষয়ে প্রশ্ন করা হলে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এ খাতে প্রয়োজনীয় অর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রয়েছে এবং সেখান থেকেই ক্যামেরা কেনা হবে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করার কথাও জানান তিনি।


