
বাসস : রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতার অপব্যবহারসহ দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলার শেষ সাক্ষী দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়াকে জেরা করেন আসামি খুরশীদ আলমের আইনজীবী অ্যাডভোকেট শাহিন উর রহমান।
মামলার নথি অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি নীতিমালা ও বরাদ্দ প্রক্রিয়া উপেক্ষা করে ১০ কাঠা করে প্লট পাওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করে মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় মোট ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
জেরা শেষে আদালত জানান, মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব সমাপ্ত হয়েছে। আগামী ধার্য তারিখে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।
রাষ্ট্রপক্ষ বলছে, সাক্ষ্যপ্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগের বিভিন্ন দিক স্পষ্ট হয়েছে। অপরদিকে আসামিপক্ষ দাবি করছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলাটি করা হয়েছে এবং সাক্ষ্যপ্রমাণে অভিযোগ টেকসই নয়।
পরবর্তী তারিখে উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখবেন বলে জানা গেছে।


