অনলাইন ডেস্ক

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশি-বিদেশি মিলিয়ে বিপুল সংখ্যক পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশীয় পর্যবেক্ষক থাকবেন ৫৫ হাজার ৪৫৪ জন এবং বিদেশ থেকে প্রায় ৫০০ সাংবাদিক ও পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে আসবেন।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আয়োজিত ভোটের ব্রিফিং অনুষ্ঠানে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
পরে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।
ব্রিফিংয়ে কমিশনার সানাউল্লাহ বলেন, নির্বাচনে ৮১টি দেশীয় নিবন্ধিত সংস্থার মাধ্যমে মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন।
তিনি আরও জানান, নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


