অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সরকারি ও বেসরকারি সব টেলিভিশন চ্যানেলে সকল প্রার্থীকে সমান প্রচারের সুযোগ দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৭ ডিসেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত নির্দেশনা পাঠান।
নির্দেশনায় বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে উপযোগী নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো তথ্য প্রচারের মাধ্যমে কার্যকর ভূমিকা রাখতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো বা নির্বাচনি সংলাপে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ইসি জানায়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ২৫ অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী বা দলের প্রতিনিধিরা টেলিভিশন চ্যানেল আয়োজিত নির্বাচনি সংলাপে অংশ নিতে পারবেন। তবে কোনো ব্যক্তি বা প্রতিপক্ষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বক্তব্য দেওয়া যাবে না।
এ ছাড়া নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনি সংলাপ বা অন্যান্য অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে কোনো দল বা প্রার্থীকে হেয়প্রতিপন্ন করে এমন বক্তব্য বা কটূক্তি যেন প্রচার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সব টেলিভিশন চ্যানেলকে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।


