অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি ঘটছে এবং বিশ্ব দিন দিন আরো বিপজ্জনক হয়ে উঠছে। বৃহস্পতিবার ক্রেমলিনে নতুন রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতি, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ কিংবা গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি—এসব বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
হালকা হাসি দিয়ে পুতিন বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে—এ নিয়ে দ্বিমত পোষণ করার সুযোগ নেই। দীর্ঘদিনের সংঘাতগুলো আরো তীব্র হচ্ছে এবং একই সঙ্গে নতুন ও গুরুতর উত্তেজনাকেন্দ্র তৈরি হচ্ছে।’
চলতি বছরে পররাষ্ট্রনীতি নিয়ে এটি ছিল পুতিনের প্রথম প্রকাশ্য বক্তব্য। বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্র বা প্রেসিডেন্ট ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ না করলেও একতরফা নীতির সমালোচনা করেন।
তিনি বলেন, ‘আমরা এমন বক্তব্য শুনছি, যেখানে শক্তির জোরে নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়া, অন্যদের উপদেশ দেওয়া এবং আদেশ জারি করাকে বৈধ বলে মনে করা হয়।’
একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া বহুমুখী বিশ্বের ধারণায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
পুতিন ইউরোপে একটি নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলার বিষয়ে রাশিয়ার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আশা করি, এই প্রয়োজনীয়তার স্বীকৃতি শিগগির বা পরে আসবে। ততদিন পর্যন্ত রাশিয়া ধারাবাহিকভাবে তার লক্ষ্য অনুসরণ করে যাবে।’
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংঘাতের সৃষ্টি করেছে।
সূত্র: রয়টার্স


