অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে পরিচালনা নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)দের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার সকাল ১০টায় নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয়। এর আগে গত ২১ ডিসেম্বর ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বৈঠকের বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, বৈঠকে ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক ব্রিফিং হিসেবে বিবেচিত হচ্ছে।
এছাড়া ইসি সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে একাধিক বৈঠক করেছে। এসব বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, মাঠপর্যায়ের কার্যক্রম এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রস্তুতি জোরদার করতেই এ ধরনের বৈঠক করছে কমিশন।


