বাসস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর প্রকাশিত মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও তথ্যে পরিবর্তন এনে একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শনিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে মূলত তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা জানানো হয়েছে।
সংশোধিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুযায়ী জাতীয় সংসদ গঠনের উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনি এলাকা থেকে একজন সদস্য নির্বাচনের জন্য সময়সূচি ঘোষণা সংবলিত গত ১১ ডিসেম্বর প্রকাশিত বাংলাদেশ গেজেটের আংশিক সংশোধন আনা হয়েছে।
এতে আরও জানানো হয়, গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠার ২য় ও ৩য় লাইনে উল্লিখিত সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন শব্দ ও চিহ্নসমূহ বিলুপ্ত করা হয়েছে। একই পৃষ্ঠায় মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ হিসেবে পূর্বে উল্লেখিত ‘২১-২৭ পৌষ, ৫-১১ জানুয়ারি, সোমবার-রবিবার’ পরিবর্তন করে ‘২১-২৫ পৌষ, ৫-৯ জানুয়ারি, সোমবার-শুক্রবার’ নির্ধারণ করা হয়েছে।
এছাড়া গেজেটের ১৩৩০৬ পৃষ্ঠায় আপিল নিষ্পত্তির তারিখ হিসেবে আগে ঘোষিত ‘২৮ পৌষ-৪ মাঘ, ১২-১৮ জানুয়ারি, সোমবার-রবিবার’-এর পরিবর্তে নতুন করে ‘২৬ পৌষ-৪ মাঘ, ১০-১৮ জানুয়ারি, শনিবার-রবিবার’ নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়াকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে এসব সংশোধন আনা হয়েছে।


