নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন।
রবিবার দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের পাশাপাশি উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনাররাও।
এছাড়া সভায় সশস্ত্র বাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। নির্বাচনের আগে ও চলাকালে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীগুলোর সমন্বিত ভূমিকা নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, একই দিন দুপুর আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একটি পৃথক সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এন নাসির উদ্দিন। সভায় নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।


