অনলাইন ডেস্ক

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সংঘটিত হামলাকে ‘মধ্যযুগীয় কায়দার’ আক্রমণ হিসেবে আখ্যায়িত করেছেন সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর। তিনি বলেন, এ ধরনের হামলা শুধু সংবাদমাধ্যমের ওপর নয়, পুরো সমাজ ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর ভয়ংকর বার্তা বহন করে।
সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। দেশে চলমান ‘মব ভায়োলেন্সের’ প্রতিবাদে সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) যৌথভাবে এ সভার আয়োজন করে।
নূরুল কবীর জানান, হামলার দিন তিনিও হেনস্তার শিকার হন। তিনি বলেন, ‘হামলাকারীরা মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারতে চেয়েছে। যখন অফিসে সবাই কাজ করছিল, তখন চারপাশ থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়। দমকল বাহিনী আসার সুযোগ বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে তারা যাদের সঙ্গে মতান্তর রয়েছে, তাদের আগুনে পুড়িয়ে মারতে চেয়েছে।’
তিনি আরও বলেন, পৃথিবীর কোনো সমাজ যদি এ ধরনের ঘটনা সহ্য করে এবং এর বিরুদ্ধে মাথা উঁচু করে না দাঁড়ায়, তাহলে শুধু কিছু প্রতিষ্ঠান নয়—পুরো সমাজব্যবস্থা ধ্বংসের দিকে যাবে।
প্রতিবাদ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমার বয়স ৭৮ বছর। সারা জীবন সংগ্রাম করেছি একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ দেখব বলে। আজ যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনো দিন দেখিনি। আমি জানি না, আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি।’
প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলাকে গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার স্বাধীনভাবে চিন্তা করার অধিকার, কথা বলার অধিকার আবারও আক্রান্ত হয়েছে। জুলাইযুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজ সেই জায়গাতেই আঘাত এসেছে।’
এ সময় তিনি রাজনৈতিক বিভাজন ভুলে সব গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এটা কোনো দলীয় বিষয় নয়। গণতন্ত্র রক্ষার জন্য সবাইকে এক হওয়ার সময় এসেছে।’


