
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন। রায় ঘিরে ট্রাইব্যুনাল চত্বর ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, র্যাব ও গোয়েন্দা সদস্য। গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোয় বসানো হয়েছে চেকপোস্ট।
সরেজমিন সকাল সাড়ে ৭টার দিকে হাইকোর্ট মাজার–সংলগ্ন ট্রাইব্যুনালের ফটকে গিয়ে দেখা যায়, সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যান রয়েছে সেখানে। ৮টার পর সেখানে আসে সেনাবাহিনীর টহল দল।
এদিকে দিনটি ঘিরে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রায়কে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হবে।
রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন তল্লাশি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, যেকোনো নাশকতা বা সহিংসতা প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মামলাটির তদন্ত ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কয়েক মাস আগে। এখন শুধু রায়ের অপেক্ষা।


