টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৫ লাখ ৬০ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এ লক্ষ্যে সকল বাহিনীর সম্মিলিত নির্বাচনী প্রস্তুতি অপরিহার্য। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আনসার ও ভিডিপি একমাত্র বাহিনী যারা নিয়মিত বাহিনীর সদস্য নন। তারা সাধারণ জীবনযাপন করেন এবং শুধুমাত্র রাষ্ট্রের প্রয়োজনে নিজ জীবন-জীবিকা থেকে বের হয়ে দেশের সেবায় নিয়োজিত হন। প্রথমবারের মতো প্রতিটি জেলায় এ ধরনের প্রস্তুতিমূলক আয়োজন করা হচ্ছে।”
মহাপরিচালক আরও জানান, “নির্বাচনে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ‘সুরক্ষা’ অ্যাপসের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালিত হবে। প্রত্যেক ভোটকেন্দ্রে ২ থেকে ৩ জন আনসার সদস্যকে অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে। নির্বাচনের দিন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তথ্য সরাসরি অ্যাপসে জানালে মোবাইল ট্র্যাকিং ফোর্স দ্রুত সেখানে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
তিনি আরও বলেন, “সকল বাহিনীর মধ্যে ডিজিটাল ও ফিজিক্যাল সমন্বয় ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যা উপজেলা পর্যায়ে নির্বাচনী কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখবে।”
সমাবেশে জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট রেজাউল ইসলামসহ বিভিন্ন উপজেলা থেকে আগত আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্ব পালনে ১৩,৫০০-এরও বেশি আনসার সদস্য মোতায়েন থাকবেন।


