
অনলাইন ডেস্ক : জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় আজ সোমবার ঘোষণা করা হবে। গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট একাধিক মামলার মধ্যে এটিই প্রথম মামলা যার রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ থেকে দেওয়া হচ্ছে।
আজ সকালেই রাজধানীতে ট্রাইব্যুনালের নিজস্ব আদালতকক্ষে রায় ঘোষণা করবেন বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারক প্যানেল। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিকে দণ্ডপ্রাপ্ত আসামি নিয়ম অনুযায়ী ত্রিশ দিন বা এক মাসের মধ্যে গ্রেপ্তার আসামিরা আপিল আবেদন করতে পারবেন।
এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষও আপিল বিভাগে যেতে পারবে। কিন্তু পলাতক আসামিদের বিষয়ে কী হবে বা আইনের বিধান কী এমন প্রশ্নের জবাবে রবিবার প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম বলেন, এ মামলার যেসব আসামি পলাতক আছেন, তারা গ্রেপ্তার হওয়া ছাড়া আপিল বিভাগে আপিল করতে পারবেন না।
রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচারের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে আদালত–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এ মামলাকে গুরুত্বপুর্ণ হিসেবে দেখা হচ্ছে। রায় ঘোষণাকে ঘিরে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে দৃষ্টি এখন ট্রাইব্যুনালের দিকে। আদালত সূত্র বলছে, দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ এবং যুক্তিতর্ক শেষে আজকের রায়ের মাধ্যমে মামলার বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হতে যাচ্ছে।


