অনলাইন ডেস্ক

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার সকালে স্মৃতিসৌধে পৌঁছে তিনি বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং এক মিনিট নীরবতা পালন করে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। পরে তিনি স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন।
এর আগে শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুকএয়ারের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। আগমনে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে শেরিং তোবগেকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান।
দুই দিনের এ রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং বিভিন্ন সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।


