
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমন ও পলাতক আসামিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার রাতভর চলা এ অভিযানে মোট ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিম জানান, চুরি-ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতেই বৃহস্পতিবার রাত ৮টা থেকে এ বিশেষ অভিযান শুরু হয়। রাতভর জেলার বিভিন্ন স্থানে তল্লাশি, অভিযান ও চেকপোস্ট জোরদার করা হয়।
এসপি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধ দমনে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।


