অনলাইন ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পুরোপুরি নির্মূল করতে নতুন পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গাজা পরিস্থিতি মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ একটি বিশেষ প্রশাসনিক কাঠামোর কথা জানিয়েছেন, যার নাম দেওয়া হয়েছে ‘বোর্ড অব পিস’।
ফ্লোরিডার হলিউডে ইসরায়েলি-আমেরিকান কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ জানান, গাজায় হামাসকে স্থায়ীভাবে ক্ষমতা থেকে সরিয়ে সেখানে একটি প্রযুক্তিনির্ভর বা টেকনোক্র্যাটিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে ট্রাম্প প্রশাসন। এই পরিকল্পনায় প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনারসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের একাধিক ব্যক্তি সরাসরি যুক্ত রয়েছেন।
উইটকফ বলেন, গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ ইতোমধ্যে শুরু হয়েছে। এ ধাপে যুদ্ধবিরতির সীমা অতিক্রম করে পুরো এলাকাকে নিরস্ত্রীকরণ, পুনর্গঠন এবং নতুন একটি প্রশাসনিক কাঠামোর আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জিম্মি মুক্তির প্রসঙ্গে তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। হোয়াইট হাউসে জিম্মিদের মুক্তির দিনটি ট্রাম্পের জীবনের অন্যতম সেরা দিন ছিল বলেও উল্লেখ করেন তিনি।
মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ট্রাম্পের নেতৃত্বের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে উইটকফ বলেন, এই জটিল ও সংবেদনশীল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পই সবচেয়ে যোগ্য ব্যক্তি।


