অনলাইন ডেস্ক

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দুই সপ্তাহ আগে গাজা উপত্যকায় হামলায় নিহত হামাসের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে শনাক্ত করেছে। বুধবার এ খবর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
জেরুজালেম থেকে এএফপি জানায়, হামাসের সশস্ত্র শাখার আর্থিক কর্মকর্তা আবদেল হাই জাকুত ১৩ ডিসেম্বর এক হামলায় নিহত হন। এ ঘটনায় নিহত হয়েছেন সামরিক কমান্ডার রায়েদ সাদও। ইসরায়েলের তথ্যানুসারে, রায়েদ সাদ ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র অ্যাভিখাই আদ্রেয় বলেন, নিহত হওয়ার আগে জাকুত ও সাদ একই গাড়িতে ছিলেন। তারা ইসরায়েলি সেনাবাহিনী ও শিন বেতের যৌথ অভিযানে নিহত হন। শিন বেত হলো ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা।
আদ্রেয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, জাকুত হামাসের সশস্ত্র শাখার আর্থিক বিভাগে যুক্ত ছিলেন এবং গত এক বছরে কয়েক মিলিয়ন ডলার সংগ্রহ ও স্থানান্তরের দায়িত্বে ছিলেন। এ অর্থের উদ্দেশ্য ছিল ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সশস্ত্র কার্যক্রম চালানো।
গাজা উপত্যকায় হামাসের নেতা খলিল আল-হাইয়া ১৪ ডিসেম্বর রায়েদ সাদ ও তার সঙ্গীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, তবে জাকুতের নাম উল্লেখ করেননি।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রায়েদ সাদ হামাসের সামরিক শাখার অস্ত্র উৎপাদন সদর দপ্তরের প্রধান ছিলেন এবং তিনি হামাসের সামরিক সক্ষমতা বৃদ্ধির তত্ত্বাবধান করতেন।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে গাজা উপত্যকায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।


