শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

গণভোট ও সংসদ নির্বাচন ঘিরে ইসির একাধিক নতুন নির্দেশনা

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

ভোট কেন্দ্রে পরিবেশবান্ধব ব্যানার, কর্মকর্তা নিয়োগে কড়াকড়ি ও একই নামের প্রার্থীদের পরিচয় নিশ্চিতের সিদ্ধান্ত।

আগামী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বাড়াতে প্রতিটি ভোটকেন্দ্রে পরিবেশবান্ধব বিশেষ ব্যানার টাঙানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়োগ, একই নামের প্রার্থীদের পরিচয় নির্ধারণ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি পরিচালনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে সংস্থাটি।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, পরিবেশ সুরক্ষার বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রেখে ব্যানার তৈরিতে নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করতে হবে। ব্যানার তৈরিতে ৮০ শতাংশ প্রাকৃতিক কটন ও ২০ শতাংশ ভিসকস-মিশ্রিত পরিবেশবান্ধব ফেব্রিক ব্যবহার করতে হবে। রিঅ্যাকটিভ ডিজিটাল প্রিন্টের এসব ব্যানারের দৈর্ঘ্য হবে ৩ ফুট এবং প্রস্থ ৫ ফুট। ভ্যাট ও ট্যাক্সসহ প্রতিটি ব্যানারের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮৬ টাকা। ব্যানারের ওপর ও নিচে পিভিসি পাইপ এবং ঝোলানোর জন্য হুক সংযুক্ত রাখতে হবে।

প্রিসাইডিং অফিসার নিয়োগে নতুন কড়াকড়ি

ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দিয়েছে ইসি। কোনো উপজেলায় কর্মকর্তাসংকট দেখা দিলে পাশের বা নিকটবর্তী উপজেলা থেকে কর্মকর্তা নিয়োগ দেওয়া যাবে। তবে একটি আসনের সব প্রিসাইডিং অফিসারকে ঢালাওভাবে অন্য আসনে নিয়োগ দেওয়া যাবে না বলে স্পষ্ট করেছে কমিশন।

নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট উপজেলায় প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা না পাওয়া গেলে তবেই কেবল আন্তঃউপজেলা নিয়োগ কার্যকর হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা ও অবস্থান বিবেচনায় নিয়ে প্যানেল চূড়ান্ত করতে হবে। এ বিষয়ে ভারসাম্য বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসনকে অনুরোধ জানিয়েছে ইসি।

একই নামের একাধিক প্রার্থী হলে পরিচয় নিশ্চিতের নির্দেশ

একই নির্বাচনি এলাকায় একাধিক প্রার্থীর নাম হুবহু হলে ভোটারদের বিভ্রান্তি এড়াতে বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে প্রার্থীর নামের সঙ্গে তাঁর বাবা, মা অথবা স্বামীর নাম যুক্ত করে ব্যালট পেপার ও প্রার্থী তালিকায় পার্থক্য করা হবে।

ইসি জানিয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী প্রার্থীদের নাম বর্ণানুক্রমে তালিকাভুক্ত করা হলেও একই নামের একাধিক প্রার্থী থাকলে প্রয়োজনে প্রতীকের ক্রমানুসারেও নাম সাজানো যেতে পারে। এতে ব্যালট পেপার মুদ্রণ ও প্রার্থী শনাক্তকরণ সহজ হবে এবং নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে।

নির্বাচনের সময় সামাজিক সুরক্ষা কর্মসূচি চলবে ডিসির তত্ত্বাবধানে

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে জনস্বার্থ বিবেচনায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দুটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচি সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি। কর্মসূচি দুটি হলো ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এবং মা ও শিশু সহায়তা কর্মসূচি (এমসিবিপি)।

নির্বাচন প্রভাবমুক্ত ও নিরপেক্ষ রাখতে এসব কর্মসূচি স্থানীয় জনপ্রতিনিধিদের পরিবর্তে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে। এ লক্ষ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে নির্বাচন কমিশন।

ইসি মনে করে, তফসিল ঘোষণার পর সামাজিক সুরক্ষা কর্মসূচিতে রাজনৈতিক প্রভাবের আশঙ্কা থাকে। তাই একদিকে নির্বাচনকে প্রভাবমুক্ত রাখা এবং অন্যদিকে জনগণের জন্য গুরুত্বপূর্ণ সেবা সচল রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ