অনলাইন প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও এর পাশাপাশি অনুষ্ঠিতব্য গণভোটে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে আগামীকাল শুক্রবার থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।
তিনি বলেন, বিশেষ করে তরুণ ভোটার এবং প্রথমবার ভোট দিতে যাওয়া নাগরিকদের অনুপ্রাণিত করতে ‘ভোটালাপ’ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এ কর্মসূচির আওতায় জেলা তথ্য অফিসগুলোকে বাড়ি বাড়ি গিয়ে গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে ভোটারদের উদ্বুদ্ধ করার নির্দেশনা দেন তিনি।
বৃহস্পতিবার ঝুম প্ল্যাটফর্মে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা তথ্য অফিসসমূহের প্রচারকাজের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য সচিব। সভায় সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. আবদুল জলিল। এতে মাঠপর্যায়ের ৬৮টি জেলা তথ্য অফিসের প্রধানরা অংশগ্রহণ করেন।
তথ্য সচিব বলেন, এবারের গণভোটকে একটি ইউনিক ও অর্থবহ উদ্যোগে রূপ দিতে সকল ভোটারের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটারদের উজ্জীবিত করার গুরু দায়িত্ব তথ্য অফিসসমূহকেই পালন করতে হবে। তিনি বলেন, ন্যায় ও আইনের শাসন নিশ্চিত করতে হলে সবাইকে গণভোটে অংশ নিতে হবে। এজন্য গণভোটের প্রচারে আঞ্চলিক ভাষা ও স্থানীয় সংস্কৃতিনির্ভর কনটেন্ট ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কে ভোটারদের সচেতন করতে মাঠপর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। তরুণ ও নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। তিনি জানান, ইতোমধ্যে গণভোট বিষয়ক ১০টি সংগীত রচনা করা হয়েছে, যেগুলোর সুরারোপ ও রেকর্ডিং কার্যক্রম চলছে। শিগগিরই এসব সংগীত মাঠপর্যায়ে পরিবেশন করে গণভোটে জনসম্পৃক্ততা বাড়ানো হবে।
এ ছাড়া নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টার কার্যালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কনটেন্ট মাঠপর্যায়ে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে বলেও জানান তিনি।
সভায় তথ্য সচিব গণভোট ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে ভোটার সচেতনতা বৃদ্ধিতে ‘টেন মিনিট ব্রিফ’ কর্মসূচি গ্রহণের তাগিদ দেন। এ কর্মসূচির আওতায় গ্রামীণ ছোট বাজার ও জনসমাগমস্থলে দাঁড়িয়ে জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের ১০ মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিং প্রদান এবং প্রচারপত্র ও লিফলেট বিতরণের নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদফতরের পরিচালক (কারিগরি) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক ওমর ফারুক দেওয়ান, রংপুর জেলা তথ্য অফিসের পরিচালক ড. মোফাখখারুল ইকবাল, পরিচালক (প্রশাসন) সৈয়দ এ মুমেন এবং পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।


