কুমিল্লা প্রতিনিধি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কুমিল্লা পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পথে পথে হাজারো মানুষের ঢলে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশ অতিক্রম করে। এসময় তাকে অভ্যর্থনা জানাতে মহাসড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। সাধারণ মানুষকেও সড়কের পাশে অপেক্ষা করতে দেখা যায়।
গাড়িবহর অতিক্রম করার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন। এতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
চাঁদপুর সফরের পথে কুমিল্লার বরুড়া উপজেলায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে আয়োজিত এক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে সকাল থেকেই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্ধারিত পয়েন্টে জড়ো হন।
দাউদকান্দি এলাকায় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন। তার নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন।
অন্যদিকে আলেখারচর থেকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়ক পর্যন্ত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, কুমিল্লা মহানগর বিএনপি এবং কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী-এর কর্মী-সমর্থকেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
এছাড়া বিজরা থেকে সভাস্থল পর্যন্ত কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম-এর নেতৃত্বেও নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তাদেরও মাঠে সক্রিয় দেখা গেছে। যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।


