অনলাইন ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহীদ ওসমান শরীফ হাদির জানাজায় আবেগঘন বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আমরা ওসমান হাদিকে বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতরে আছো। বাংলাদেশ যতদিন টিকে থাকবে, ততদিন তুমি আমাদের মধ্যে থাকবে।”
শনিবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হাদির নামাজে জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, জানাজাকে ঘিরে সারা দেশ থেকে ঢেউয়ের মতো মানুষ আসছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরাও এই মুহূর্তে হাদির কথা জানতে চাচ্ছে। তিনি বলেন, “প্রিয় ওসমান হাদি, তোমাকে বিদায় দিতে নয়—আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো, সেই আদর্শ পূরণ করার ওয়াদা করতেই আমরা আজ এখানে একত্র হয়েছি।”
ড. ইউনূস আরও বলেন, হাদির এই ওয়াদা শুধু বর্তমান প্রজন্ম নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের মানুষ বহন করবে। হাদির মানবপ্রেম, মানুষের সঙ্গে তার আচরণ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং বিনয়ী নেতৃত্ব সবাইকে অনুপ্রাণিত করেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, শহীদ হাদি জাতির কানে একটি চিরস্থায়ী মন্ত্র দিয়ে গেছেন— “চল বলবীর চির উন্নত মম শীর।” এই মন্ত্র বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা ও মাথা উঁচু করে চলার প্রেরণা হয়ে থাকবে। “আমাদের শির কখনো নত হবে না, কারো কাছে মাথা নত করব না—এই শিক্ষাই হাদি আমাদের দিয়ে গেছেন,” বলেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস তার বক্তব্যে বলেন, হাদি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন এবং নির্বাচনী রাজনীতিতে শালীনতা ও মানবিকতার একটি দৃষ্টান্ত রেখে গেছেন। কীভাবে মানুষের কাছে বিনীতভাবে যেতে হয়, কাউকে কষ্ট না দিয়ে নিজের বক্তব্য তুলে ধরতে হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে হয়—এসব বিষয়ে হাদি সবাইকে শিক্ষা দিয়ে গেছেন বলে উল্লেখ করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা চাই আমাদের রাজনীতি এমন এক পর্যায়ে নিয়ে যেতে, যেখানে হাদির আদর্শ স্পষ্টভাবে জাগ্রত থাকবে। হাদি কখনো হারিয়ে যাবে না। যুগ যুগ ধরে সে আমাদের সঙ্গে থাকবে।”
শেষে তিনি বলেন, “আজ আমরা হাদিকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। আমরা তার কথা স্মরণ করে জাতির অগ্রগতির পথে এগিয়ে যাবো—এই ওয়াদাই আজ তার কাছে করলাম।”


