অনলাইন ডেস্ক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, “সম্পূর্ণ কলঙ্কমুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু করার সবকিছু আমরা করে দিয়েছি। এখন দায়িত্ব নির্বাচন কমিশন এবং জনগণের হাতে। আপনারাই নিশ্চিত করবেন যাতে এই নির্বাচন ঐতিহাসিক হয়ে ওঠে এবং পূর্ববর্তী নির্বাচনগুলোর গ্লানি মুছে দেয়।”
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুল প্রাক্তন ছাত্র সমিতি আয়োজিত ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে সব প্রকার প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ এবং স্বচ্ছ পরিবেশ নিশ্চিতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনগণের অংশগ্রহণ ও সচেতন ভূমিকাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। প্রাক্তন ছাত্র সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।


