অনলাইন ডেস্ক

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আজ সোমবার (২৪ নভেম্বর) উদ্বোধন হলো দেশের প্রথম ই-পারিবারিক আদালত। উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ডিজিটাল পদ্ধতিতে পারিবারিক মামলার শুনানি শুরু হওয়ায় বিচারপ্রার্থীদের ভোগান্তি ও দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমবে।
তিনি বলেন, “ই-পারিবারিক আদালত চালুর ফলে বিচারপ্রার্থীকে আগের মতো আর ঘুরতে হবে না। ঘরে বসেই মামলা পরিচালনার বিভিন্ন ধাপ সম্পন্ন করা যাবে। এতে নিঃসন্দেহে সময় বাঁচবে, দুর্নীতি ও অযথা ভোগান্তি কমবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও জানানো হয়, নতুন এই ব্যবস্থায় মামলা দায়ের, নথি জমা, সময় নির্ধারণ, শুনানি—সবকিছু অনলাইনে করা যাবে। এতে মামলার অগ্রগতি নিজস্ব একাউন্ট থেকেই পর্যবেক্ষণ করতে পারবেন বিচারপ্রার্থীরা।
আদালত সংশ্লিষ্টরা জানান, ই-পারিবারিক আদালত পুরোপুরি কার্যকর হলে মামলা নিষ্পত্তির গতি বাড়বে এবং আদালতের কাজের স্বচ্ছতা নিশ্চিত হবে। একই সঙ্গে আদালতে অনাকাঙ্ক্ষিত দালালচক্র বা অনিয়ম নিয়ন্ত্রণ করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরকারের আইন ও বিচার বিভাগ জানিয়েছে, পরীক্ষামূলকভাবে ঢাকা থেকে ই-পারিবারিক আদালত কার্যক্রম শুরু হলেও ধীরে ধীরে দেশের অন্যান্য জেলা ও উপজেলাতেও এই ব্যবস্থা চালু করা হবে বলে পরিকল্পনা রয়েছে।
ডিজিটাল বিচার ব্যবস্থার এই নতুন উদ্যোগকে বিচারপ্রার্থী ও আইনজীবী উভয় মহলই সময়োপযোগী পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে।


