
অনলাইন ডেস্ক : তেহরান অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা পরিবেশ, প্রতিরক্ষা কৌশল এবং পরমাণু কর্মসূচি–সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন ইরানি কর্মকর্তারা। অনুষ্ঠানে বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধি অংশ নেন।
প্যানেল আলোচনায় ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি অভিযোগ করেন, ইসরায়েল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) গোপন নথি ও তথ্য ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনায় লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে। তাঁর দাবি, এ ধরনের কর্মকাণ্ড কেবল আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয়, বরং আইএইএ’র নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।
ইসলামি বলেন, সদস্য রাষ্ট্রগুলোর সংবেদনশীল তথ্য সুরক্ষার দায়িত্ব আইএইএ’র ওপর ন্যস্ত। কিন্তু এসব তথ্য নিরাপদ না থাকলে সংস্থাটির কার্যকারিতা হুমকির মুখে পড়বে। তিনি আহ্বান জানান—গুরুতর এ ধরনের অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক মহলকে অবস্থান নিতে হবে এবং ভবিষ্যতে তথ্য অপব্যবহারের ঝুঁকি কমাতে আইএইএকে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সম্মেলনের অন্যান্য বক্তারাও চলমান আঞ্চলিক উত্তেজনা, প্রতিরক্ষা চ্যালেঞ্জ এবং কূটনৈতিক উত্তরণের পথ নিয়ে মতামত দেন। ইরান জানায়, নিরাপত্তা কাঠামো শক্তিশালীকরণ ও আন্তর্জাতিক সহযোগিতার উন্নয়ন ছাড়া স্থায়ী স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়।


