অনলাইন ডেস্ক

পাকিস্তানের তোশাখানা দুর্নীতি মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন একটি বিশেষ আদালত। রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে গ্রহণ ও বিক্রির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করার অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে অনুষ্ঠিত শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন। বর্তমানে ইমরান খান এই কারাগারেই বন্দি রয়েছেন।
রায়ে পাকিস্তান দণ্ডবিধির ৩৪ ও ৪০৯ ধারায় ইমরান খানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই ধারায় বুশরা বিবিকেও মোট ১৭ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি দুজনকেই এক কোটি ৬৪ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাদের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
আদালত তার রায়ে বলেন, সাজা নির্ধারণের ক্ষেত্রে ইমরান খানের বয়স এবং বুশরা বিবি নারী—এই দুটি বিষয় বিবেচনায় নিয়ে তুলনামূলকভাবে কম শাস্তি দেওয়া হয়েছে।
তবে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন ইমরান খান ও বুশরা বিবির আইনজীবীরা।
এর আগে গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি) মামলাটি দায়ের করে। অভিযোগে বলা হয়, সৌদি যুবরাজের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া দুটি মূল্যবান অলংকার কম দামে দেখিয়ে তোশাখানা থেকে গ্রহণ করেন ইমরান খান ও তার স্ত্রী, যা রাষ্ট্রের জন্য আর্থিক ক্ষতির কারণ হয়।
সূত্র: এনডিটিভি


