বাসস

ঢাকা, ৮ জানুয়ারি – বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে কাজ করবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল। এ তথ্য জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা ডিসেম্বরের শেষ থেকেই বাংলাদেশে কাজ শুরু করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা তাদের সঙ্গে যোগ দেবেন। নির্বাচনের সময় সব মিলিয়ে ইউরোপীয় ইউনিয়নের ২০০ জন পর্যবেক্ষক মাঠে থাকবেন।”
ড. ইভারস আইজাবস উল্লেখ করেন, সংসদ নির্বাচন ও একই সময়ে গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য একটি চ্যালেঞ্জ। তিনি বলেন, “তবে আমরা আশা করছি কমিশন বিষয়টি যথাযথভাবে সামাল দিতে পারবে। আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবো। কারণ বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার।”
ইইউ প্রধান পর্যবেক্ষক বলেন, “২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে এবারের নির্বাচন হবে এক ঐতিহাসিক নির্বাচন। অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”


