বাসস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে নির্বাচন কমিশনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভাটি আগামী রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, সভা শুরুর আগে রবিবার দুপুর ১২টায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর নির্ধারিত সময় অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে ইসি সচিবালয়ের বেজমেন্টে গণমাধ্যমের জন্য একটি ব্রিফিংয়ের আয়োজন করা হবে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বনির্ধারিত সময় সকাল ১০টার পরিবর্তে সভাটি দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।
সভার আলোচ্য সূচি:
-
নির্বাচন-পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনা
-
অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনীর কার্যক্রম মূল্যায়ন
-
প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণবিধিমালা ২০২৫ অনুযায়ী আচরণবিধি প্রতিপালন
-
শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়াদি
-
বিবিধ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
উক্ত সভার মাধ্যমে নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, সমন্বয় এবং নির্বাচন কমিশনের করণীয় বিষয়ে একটি সমন্বিত দিকনির্দেশনা নির্ধারণ করা হবে বলে আশা করা হচ্ছে।


