অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই নিয়ে করা আপিলের দ্বিতীয় দিনে আরও ৫৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে নির্বাচন কমিশন (ইসি) এই সিদ্ধান্ত ঘোষণা করে।
ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের জানান, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে মোট ৫৮টি আবেদন মঞ্জুর করা হয়েছে। এদিন সাতটি আবেদন নামঞ্জুর করা হয় এবং ছয়টি আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) একদিনে ৭০টি আপিলের শুনানি শেষে ৫১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। একই দিনে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়, ১৫ জনের আপিল নামঞ্জুর এবং তিনটি আপিল বিবেচনাধীন রাখা হয়।
ইসি সূত্র জানায়, আগামী সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই শুনানি কার্যক্রম।
নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি সম্পন্ন করে সব আবেদন নিষ্পত্তি করবে। এরপর ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিনই চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংখ্যা নির্ধারণ করা হবে।
ইসি জানায়, ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।


